বড় ডিসপ্লে এবং এনএফসি সুবিধার এমআই ব্যান্ড ৫

১০ জানুয়ারি, ২০২০ ০০:৩৮  
ফিটনেস ট্র্যাকার বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে শাওমির এমআই ব্যান্ড ৪। সুলভ মূল্যের এবং বিশ্বব্যাপী বাজারে থাকায় এই সফলতা পেয়েছে ব্যান্ডটি। ২০১৯ সালের দ্বিতীয়ার্ধের ধারাবাহিক সফলতার জেরে এবছরও সন্দেহাতীতভাবে সফলতা ধরে রাখতে চায় শাওমি। আর তাই নতুন ব্যান্ড বাজারে আনার পরিকল্পনা করেছে কোম্পানি। ইতিমধ্যে শাওমির পরবর্তী ব্যান্ড তথা এমআই ব্যান্ড ৫ এর কিছু তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে এর গ্লোবাল সংস্করণে তুলনামূলকভাবে বড় ১.২ ইঞ্চি ডিসপ্লে এবং এনএফসি সুবিধা নিয়ে আসবে ব্যান্ডটি। ব্যান্ডটিতে গুগল পে সাপোর্টসহ আরও কিছু পেমেন্ট সেবা থাকবে। এমআই ব্যান্ড ৪ এ শুধুমাত্র শাওমির এমআই পে থাকলেও নতুন সংস্করণে সেটির পরিবর্তন হবে। ধারণা করা হচ্ছে চীনে এই ডিভাইসটি দাম শুরু হবে ২৫ ডলারে, তবে গ্লোবাল সংস্করণের দাম কিছুটা বাড়তে পারে। শাওমির সাবব্র্যান্ড হুয়ামি ইতিমধ্যেই এমআই ব্যান্ড ৫ নিয়ে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছে এবং আগামী জুনে চীনে সেটি উন্মোচিত করার পরিকল্পনা নিয়েছে। ডিবিটেক/বিএমটি